মাগুরানিউজ.কমঃ
মৃৎশিল্প বাংলার সবচেয়ে প্রাচীন শিল্প। মৃৎ মানে মাটি আর শিল্প মানে সুন্দর সৃষ্টিশীল বস্তু। তাই মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলা হয়। যুগের সঙ্গে পরিবর্তন ঘটেছে মাটির তৈজসপত্রে। মাটির শিল্পকর্মেও লেগেছে আধুনিকতার ছোঁয়া।
বর্ষার কারণে এখন মাটির তৈজসপত্র তৈরী ও বিক্রিতে কিছুটা মন্দা চলছে। সারা বছর কোনো রকম চলে গেলেও বর্ষায় বৃষ্টির কারণে তেমন বিক্রি হয় না জানালেন কারিগর ও ব্যবসায়ীরা।
তারা বলেন, সৌখিন লোকেরা এগুলো বাসা-বাড়ি কিংবা অফিস-আদালতের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিনে থাকেন। তবে এখন বাঙালির ঐতিহ্য মাটির এ শিল্প যেন দিন-দিন হারিয়ে যাচ্ছে।
মাগুরা শহরের পশু হাসপাতাল সড়কে গড়ে ওঠা মৃৎশিল্পের দোকানগুলো ঘুরে দেখা গেল, তেমন বিক্রি না হওয়ায় দোকানিরা অলস সময় পার করছেন। ক্রেতা না থাকায় কোনো কোনো দোকানি দোকান খুলেই ঘুমাচ্ছেন। কেউ বসে আছেন, কেউ মাটির তৈরির জিনিসপত্রে রঙ করেছেন।


