মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলাকে অপরাধী ও অপরাধ মুক্ত রাখতে এবং এ বিষয়ে টেকশই ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিতে নানা পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটাচ্ছেন মাগুরার সময়োপযোগী পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ। বর্তমানে মাদক ও আইনশৃখলা নিয়ন্ত্রন বিষয়ে মাগুরা দেশজুড়ে আলোচিত এবং অনুসরনীয়।
জেলা পুলিশ অফিস জানায়, গতরাত ৯টার দিকে মাগুরার শ্রীপুর থানার আমলসার ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের বিমল চন্দ্র মল্লিক(৪৮) কে বাড়ী থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২ অজ্ঞাত ব্যক্তি মামলার আসামী বলে মোটর সাইকেলযোগে অপহরণ করে।
খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সুপার মহোদয় ব্যক্তিগতভাবে আমলসার, গয়েশপুর, দ্বারিয়াপুর, কাদিরপাড়া এবং নাকোল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের ও ইউপি’র চেয়ারম্যান, মেম্বারদের স্থানীয় পর্যায়ে খোঁজ করার জন্য বলেন। পুলিশ সুপারের আহবানে তখনই মাঠে নামে শতশত মানুষ।
একইসাথে শ্রীপুর থানাসহ মাগুরা সদর থানা এলাকার প্রবেশপথে পুলিশ চেকপোষ্ট বসানোর জন্য তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশ সুপারের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর/সার্কেল), ওসি শ্রীপুর থানা, ডিবি টিম, নাকোল পুলিশ ক্যাম্প, হাইওয়ে পুলিশসহ অতিরিক্ত অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রত্যক্ষদর্শিদের দেয়া তথ্যের ভিত্তিতে অত্র অঞ্চলের কমিউনিটি পুলিশের সদস্য এবং গ্রামবাসীদের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জনতার ৪ঘন্টা ব্যাপী সম্মিলিত উদ্ধার অভিযান ও তৎপরতায় অপহরনকারীরা অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় বাগবাড়িয়া গ্রামের পাশে রেখে যেতে বাধ্য হয়।
পরবর্তীতে হাইওয়ে পুলিশের গাড়ীতে অপহৃত ব্যক্তিকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩মার্চ তারিখে একই কায়দায় দুরাননগর গ্রাম হতে মুরাজ্জী ঘোষ নামে এক ব্যক্তিকে অপহরন করা হয়েছিল এবং তাকেও কমিউনিটি পুলিশের সদস্যদের ও স্থানীয় জনতার সহায়তায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। অপহরনকারীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের দু’টি টিম কাজ করছে বলে জানা গেছে।
ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী শ্রীপুর থানার ৫ ইউনিয়নের জনসাধারনকে অধিকতর সচেতন করার জন্য কমিউনিটি পুলিশিং এর সমাবেশসহ মাইকিং এর মাধ্যমে নিয়মিত প্রচারনা চালানো হচ্ছে।


