মাগুরার শ্রীপুর উপজেলায় নসিমনের ধাক্কায় দেবাশীষ বিশ্বাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ সদর উপজেলার পূর্ব বড়ইচারা গ্রামের হিরণ বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দেবাশীষ অপর যুবককে সঙ্গে নিয়ে নহাটা এলাকা থেকে মোটরসাইকেলে করে মাগুরায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষের মৃত্যু হয় এবং অপর যুবক আহত হন।
মাগুরা সদর হাসপাতালের ব্রাদার নির্মল বিশ্বাস মাগুরানিউজকে জানান, মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দেবাশীষকে মৃত ঘোষণা করেন।
গুরুতর অহত অবস্থায় অপর যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ব্রাদার নির্মল।


