মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরের এক জেএসসি পরীক্ষার্থীনীকে উত্যক্ত করার দায়ে মিরাজুল ইসলাম (২০) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আব্দুস সালাম মোল্লার বখাটে পুত্র মিরাজুল ইসলাম মোল্লা(২০) একই এলাকার মদনপুর হাফিজিয়া মাদ্রাসার এক জেএসসি পরীক্ষার্থীনীকে বেশকিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল । গত বুধবার উক্ত পরীক্ষার্থীনীকে সুকৌশলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্পসহ বিভিন্ন কাগজপত্রে সই করে নেয় ।
এঘটনার পরপরই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে পিতা-মাতাকে বিষয়টি অবগত করলে তার পিতা সংগে সংগে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এ অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার পুলিশ উক্ত বখাটেকে আটক করতে সক্ষম হন ।
আটকের পর বৃহস্পতিবার দুপুরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত বখাটেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন । সাজাপ্রাপ্ত মিরাজুল ইসলামকে পুলিশ ওইদিন বিকেলেই মাগুরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন ।
শ্রীপুর থেকে-আশরাফ হোসেন পল্টু।

