মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের প্রচার গাড়ী লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বত্তরা। আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেনের পক্ষে জনৈক সোনা কাজী ও তার লোকজন এ গুলি ছুড়েছে বলে আব্দুল হালিমের অভিযোগ। তবে এতে কেউ হতাহত হয়নি।
আব্দুল হালিম অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার সকালে নির্বাচনী কাজে যাওয়ার জন্য তিনি তার গ্রাম বামনখালির নিজ বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় বাড়ির বাইরে থাকা মাইক্রোবাস লক্ষ্য করে সোনা কাজী ও তার লোকজন গাড়ী লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলিতে মাইক্রোবাসের একটি কাচ ছিদ্র হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয় নি।
আ’লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেনের পক্ষে সোনা কাজী এ গুলি ছুড়েছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি ক্ষতিগ্রস্থ মাইক্রোবাস নিয়ে মাগুরা পুলিশ সুপার কার্যালয়েও আসেন। এ বাপারে শালিখা থানায় মামলা করেছেন তিনি।
এ বিষয়ে মামলা হয়েছে বলে মাগুরা সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানিয়েছেন।
আব্দুল হালিম নিজেই নিজের গাড়ির কাচ ভেঙ্গে এ ধরনের গল্প বানিয়েছেন বলে অভিযুক্তদের অভিযোগ।


