মাগুরায় নদী, বিল, নিচু মাঠ, জলাশয় ও পুকুর গুলো থেকে নামতে শুরু করেছে পানি। এখন হাতের তালুতেই শোল, গজার, টেপা, বাইম, কৈ, টাকিধরার সময়।
মাগুরার বিভিন্ন নদ নদী, খাল, বিলসহ পুকুর মাঠে সৌখিন মাছ শিকারীরা কোমরে গামছা বেঁধে লোভনীয় তরতাজা মাছ ধরার নেশায় ব্যস্ত।
কেউ রাত জেগে মাছ পাহারা দিচ্ছে। কেউ জালের সাহায্যে, কেউ পলোর সাহায্যে, কেউ আবার হাতড়িয়ে সকাল, দুপুর, বিকেল বিরামহীন মাছ ধরছেন।
মাগুরার নতুন বাজার, পুরাতন বাজার, শালিখা বাজার, বুনোগাতি বাজার, আমুড়িয়া বাজার, হাজীপুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। দামও আগের থেকে অনেক কম। দেশীয় মাছ প্রকার ভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে।


