মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
বাগানে গাছে গাছে লম্বা ডাঁটায় ভর করে বাতাসে দোল খাচ্ছে ফুল। শোভা ছড়াচ্ছে লাল, হলুদ, গোলাপি আর সাদা রঙের শত শত ‘জারবেরা’। বিদেশি প্রজাতির এ ফুলের বাণিজ্যিক আবাদ হচ্ছে মাগুরা সদরের বেলনগর গ্রামে।
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল আজিজ। দুই একর জমিতে জারবেরা ফুল চাষ করে সফল হয়েছেন। প্রতি মাসে তিনি প্রায় লাখ টাকার ফুল বিক্রি করছেন বলে ‘মাগুরা নিউজ’ ডটকমকে জানান।
আজিজের সাফল্যে এলাকার অনেকেই লাভজনক এই ফুলের চাষে আগ্রহ দেখাচ্ছেন।
আজিজের জমিতে বর্তমানে লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরিসহ ১৮ রংয়ের ফুল রয়েছে। তিন বছর ধরে তিনি স্থানীয় বাজারসহ ঢাকার বাজারে জারবেরা সরবরাহ করে আসছেন। জমি থেকে প্রতিটি ফুল ৮-১০ টাকায় বিক্রি করেন।
মাগুরা হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা কৃষিবিদ আমিরুল ইসলাম জানান, সদর উপজেলায় এ বছর প্রায় ২০ একর জমিতে ফুল চাষ হয়েছে। বর্তমানে মাগুরার কৃষকেরা ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমাদের সেন্টার থেকে অনেকেই নতুন নতুন দেশি-বিদেশি ফুলের চারা সংগ্রহ করছেন।


