মাগুরানিউজ.কমঃ
রাজীব মিত্র-
আজ দিনভর মাগুরা শহরজুড়ে আলোচনার বিষয়বস্তু এমনই একটা বিষয়, যেখানে কার্যত থমকে ছিলো মাগুরার যুবসমাজ, অসহায় ছিলেন অবিভাবকরা। ভয়ঙ্কর এক সমস্যা আর তার কার্যকরী সমাধান নানামুখি প্রচেষ্টা। মাদক থেকে মাগুরাকে মুক্ত করার সে প্রচেষ্টা এবার আলোর মুখ দেখছে।
মাদক ব্যবসা ছাড়তে পুলিশের আহবানে সাড়া দিয়ে মাগুরা শহরের নান্দুয়ালী এলাকার চিহ্নিত ২০ মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার রাতে মাগুরার পুলিশ সুপারের কাছে তারা এই অঙ্গীকার করে সুস্থ জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ বিষয়ে পুলিশ সুপার এহসান উল্লাহ মাগুরা নিউজকে বলেন, মাগুরা জেলা পুলিশের লক্ষ একটাই তাহলো অপরাধী ও অপরাধ মুক্ত মাগুরা গড়ে তোলা। মাগুরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকারে জেলা পুলিশ কাজ করছে সবসময়। মাদকবিক্রেতা ও এর সঙ্গে সংশিষ্টদের সনাক্ত করতে শহরে ২০টি স্থানে চেকপোস্ট এবং ৪০ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে অভিযান চালানো হচ্ছে। মাগুরাকে অপরাধী ও অপরাধ মুক্ত রাখতে জেলা পুলিশের সদস্যরা সর্বদা আপনাদের পাশেই রয়েছে।
সদ্য সমাপ্ত মাগুরা পৌর-নির্বাচনের আগে নব-নির্বচিত মেয়র নান্দুয়ালীকে ‘মাদকমুক্ত করার’ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ নেওয়ার আগেই পুলিশ সুপারের উদ্যোগে সাড়া দিয়ে নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন করায় খুশি শহরবাসি।
মাগুরার নব-নির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল মাগুরা নিউজকে বলেন, “পৌর নির্বাচনের আগে নান্দুয়ালীকে ‘মাদকমুক্ত করার’ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই ২০ জনের স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারের মধ্য দিয়ে তা ‘কিছুটা হলেও’ এগিয়ে গেলো। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পুলিশ সুপারের সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ প্রচেষ্টা অব্যহত থাকবে।”
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করা এই ২০ জন হলেন- শাহিনুর, শাহিন, জাহিদ, রাজ্জাক, মো. আলী, আলম, রসুল, রাশেদ, মনিরুল, সোহেল, মজনু, রেজাউল, কাশেম, বাশার, আমিরুল, রফিক, সলেমান, আইয়ুব, ডালু ও মুক্তার।
এদের নামে মাদক আইনে মামলা রয়েছে এবং অনেকেই মাদকসহ গ্রেপ্তার হয়ে এর আগে হাজতবাস করেছেন বলে পুলিশ সুপার জানান।
“মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুয়োগ দেয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি জেলা প্রশাসন, পৌর মেয়র, সমবায় ও সমাজসেবা অধিদপ্তর এবং বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও সহায়তা নিয়ে তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছে।”
নান্দুয়ালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়িদের জীবন ধ্বংসকারী সমাজ বিরোধী অবৈধ এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উদ্বুদ্ধ করার কাজে সহযোগিতা করেছেন মাগুরা পৌর-সভার ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন। এলাকাবাসীরা বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে এলাকার মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তারা খুব ‘খুশি’।। এ ধরণের মহতি উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।


