মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের দৌঁড়ঝাপ চলছে বিরামহীনভাবে।
ব্যানার, পোস্টার, লিফলেট, মাইকিংসহ নানাভাবে ভোটারদের মনযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকে আবার ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। এক কথায় অফলাইন ও অনলাইনে জমে উঠেছে মাগুরার পৌর নির্বাচন।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মারুফ হোসেন বাপ্পি (পানির বোতল) মার্কা প্রতীক নিয়ে শনিবার মাগুরা শহরের এলাকার থানাপাড়া, হাসপাতালপাড়া, কাউন্সিলপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
কাউন্সিলর প্রার্থী সৈয়দ মারুফ হোসেন বাপ্পি পোষ্টঅফিস সংলগ্ন এলাকায় গনসংযোগকালে মাগুরানিউজকে বলেন, ৯নং ওয়ার্ডকে প্রকৃত মডেল টাউন হিসেবে গড়ে তুলতে যা করণীয় তাই তিনি করবেন।
তিনি বলেন, আমার আবেগ-ভালোবাসার প্রতি মানুষ সম্মান জানিয়ে ইতিমধ্যে যে সাড়া দিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই। আল্লাহ্পাকের অশেষ কৃপায় ও সকলের সহযোগিতায় এই ওয়ার্ডের সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ কাজ করে যেতে চাই। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সহ অবস্থান ও বসবাস রয়েছে এ ওয়ার্ডে। তাই ঐতিহ্য রক্ষায় মিলে মিশে থাকার জন্য সুন্দর নান্দনিক পরিবেশ বজায় রাখতে পারবো ইনশাল্লাহ।
মাগুরা পৌরসভার এবার ৯টি ওয়ার্ডে ৪৬ জন পুরুষ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৪.৩৬ বর্গ কিলোমিটার আয়তনের মাগুরা প্রথম শ্রেণির পৌরসভার মোট জনসংখ্যা এক লাখ ১৮ হাজার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌর এলাকার মোট ভোটার ৬৫ হাজার ৮৫৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪১২ ও মহিলা ভোটার ৩৩ হাজার ৪৪৭ জন। এখানে ৩০ ডিসেম্বর মোট ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

