রাজীব মিত্র জয়-
আসছে দুর্গাপূজা। উৎসব আনন্দের এই দিন ঘিরে সবার মনে কতো পরিকল্পনার আনাগোনায় না চলছে? যুগের হাওয়ায় ধর্মীয় উৎসবগুলোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। দুর্গাপূজা হিন্দু ধর্মীয় উৎসব হলেও আজ আর নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই। আনন্দের বন্যা উপছে পড়ছে ভিন্ন ধর্মাবলম্বী উৎসব প্রিয় কোটি মানুষের হৃদয়ে। যেখানে জাতি গোত্র ভেদাভেদ নেই। তাই পূজাকে ঘিরে আয়োজন চলছে উল্লেখ করার মতোই।
পূজার ছুটিতে অনেকদিন পর বাড়ি ফেরা, আত্মীয় স্বজনের সঙ্গে সময় দেয়া, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি আর প্রতিমা দেখার অজুহাতে এ মন্দিরে ও মন্দিরে ঘোরা। সাজগোজ মুডে থাকা, মজার সব খাবার খাওয়া আর বড়দের কাছ থেকে প্রণামী নিয়ে ইচ্ছেঘুড়িতে চেপে এদিক ওদিক ওড়াউড়ি। এ সময় বাড়ির বাচ্চারা ক্ষণে ক্ষণে আতশবাজী ফুটিয়ে ভালো লাগার অভাব মিটিয়ে নেয়।
সবার মনে যেভাবে আনন্দ বয়ে যায় তাতে যষ্ঠী থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত পৃথিবীর বুকে যেন সাক্ষাৎ অন্নপূর্ণার অবস্থান।


