মাগুরানিউজ.কম:

মুখে হাসি, চোখে জল নিয়ে প্রিয়জনকে জড়িয়ে ধরে আবেগতাড়িত কণ্ঠে এক কিশোরী চিৎকার করে বলছে, ‘আমি এ প্লাস পেয়েছি, আমি এ প্লাস পেয়েছি।’
রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দে আত্মহারা শিক্ষার্থীদের মধ্যে অনেকের চোখেই এমন আনন্দ-অশ্রু দেখা যায়।
আনন্দের বাঁধভাঙা জোয়ার দেখা গেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও। কাঙ্ক্ষিত ফল পাওয়ার আনন্দে মেতে ওঠে তারা। রোদ ও গরম উপেক্ষা করে উল্লাস করে এ স্কুলের কলেজের শিক্ষার্থীরা। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় দুয়েকজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
মাগুরায় এবারের এইচএসসি পরীক্ষায় ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
এ ছাড়া শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ থেকে ৬ জন, মাগুরা সরকারি মহিলা কলেজ থেকে ৫ জন, মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ থেকে ৫ জন, শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজ থেকে ৪ জন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে অমরেশ বসু ডিগ্রি কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, বুনোগাঁতি ডিগ্রি কলেজ এবং মহম্মদপুর সালিমা হক মহিলা কলেজ থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে।
সন্তানের রেজাল্ট জানতে আসা আরেক অভিভাবক মাহাবুব হাসানের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন অভিভাবক। আলাদা করে আমার পরিচয় দিতে চাই না। আজকের দিনটি শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নিজেদের করে নিয়েছে। আমি তাদের এ আনন্দের একজন অংশীদার মাত্র। একই সঙ্গে আমি একজন গর্বিত বাবা।’

