মাগুরানিউজ.কম:
মাগুরায় দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী সেন সুমনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই আবেদনের শুনানি হবে রোববার।
সুমনসহ মামলার অপর ২ আসামী সাগর ও বাপ্পীকে মঙ্গলবার মাগুরা ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয়।
ডিবি পুলিশের ওসি মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান, মামলার প্রধান আসামী সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক ফারহা মামুন রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠান।
এ নিয়ে মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামীর মধ্যে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি ও র্যব সদস্যরা।
উল্লেখ্য, ২৩ জুলাই শহরের দোয়ারপাড়া এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন কামরুলের চাচা মমিন ভুঁইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন ভাবি নাজমা বেগম। নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।


