মাগুরানিউজ.কম:
নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদ রাখার দায়ে মাগুরায় তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর দু’টি ফার্মেসিকে সতর্ক করা হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে মাগুরা জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ও দীপক কুমার শর্মা এ জরিমানা করেন। এ সময় সঙ্গে ছিলেন ড্রাগ সুপার নাজমুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ও দীপক কুমার শর্মা ‘মাগুরানিউজ’কে জানান, জেলা শহরের কলেজপাড়ার অভিযান চালিয়ে কানন ফার্মেসি, নতুন বাজারের এশিয়া ফার্মেসি ও ঘোষ ফার্মেসিতে মানবদেহের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ কিছু বিদেশি মেডিসিন পাওয়া যায়।
পরে তিন ফার্মেসির মালিককে তিন হাজার করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। জেলা শহরে এ ধরনের অভিযান অব্যাহ্ত থাকবে বলেও তারা জানান।


