মাগুরানিউজ.কমঃ
বাবা খুনের ঘটনায় ন্যায়বিচার ও আসামিদের কাছ থেকে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছে নিহত আরোজ আলীর দুই মেয়ে। শনিবার মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি জানায় নিহতের বড় মেয়ে তাসলিমা খাতুন।
সংবাদ সম্মেলনে তাসলিমা অভিযোগ করে, তার মা রোজিনা খাতুন পরকীয়া প্রেমিকদের নিয়ে ২০১৫ সালের ২৩ জুলাই গভীর রাতে ঘুমন্ত আরোজ আলীকে শ্বাসরোধ করে হত্যার করেন। পরে লাশ বাড়ির পাশের গড়াই নদীতে ফেলে দেন।
তাসলিমা খাতুন ঘটনার রাতে বাবার পাশের কক্ষে ছিল বলে খুনের ঘটনা দেখে ফেলে।
পরদিন ২৪ জুলাই সকালে পুলিশ লাশ উদ্ধার ও রোজিনাকে গ্রেপ্তার করে। পরে আসামি সাইফুল ও বেল্লালকেও গ্রেপ্তার করা হয়। রোজিনা, সাইফুল ও বেল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে।
ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়ে আসামি বেল্লাল, লিটন ও তাদের সহযোগী টিক্কা এ মামলার অন্যতম সাক্ষী তাসলিমা ও আরোজ আলীর বোন মেরিনা খাতুনকে অপহরণ ও খুন-গুমের হুমকি দিচ্ছে। এমনকি একদিন মোটরসাইকেলে জোর করে তাসলিমাকে তুলে নিতে টানাহেঁচড়া করে। এসব ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাবার খুনিদের বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবি জানায় তাসলিমা খাতুন।
নিহত আরোজ আলীর মা আশুরা বেগম, বোন মেরিনা খাতুন ও ছোট মেয়ে নূপুর খাতুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল।


