মাগুরানিউজ.কম:
ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া দেয়া মালিকদের অনীহায় নতুন ‘বাহানা’ হিসেবে যুক্ত হয়েছে জঙ্গি ইস্যু। সম্প্রতি সংঘটিত ভয়াবহ দুটি হামলা এবং মেসে জঙ্গি আস্তানার সন্ধান ও অভিযানে হতাহতের সবাই বয়সে তরুণ, ব্যাচেলর হওয়ায় ভাড়া দিতে অনাগ্রহ বেড়েছে। অনেক বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিশও দিয়েছেন।
কলেজপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাচেলররা নতুন কোনো বাড়িতে ফ্ল্যাট বা রুম ভাড়া নিতে পারছেন না। নিজেদের নিরাপত্তার কথা বলে ব্যাচেলরদের ভাড়া দিতে চাচ্ছেন না মালিকরা।
তা ছাড়া জঙ্গি তৎপরতায় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের জড়িয়ে পড়ায় বাড়িওয়ালারা আতঙ্কিত হয়ে বাসা ভাড়া দিতে চাচ্ছেন না।
এ সংকটকালে উল্টো ‘সুযোগ’ নিচ্ছে কিছু বাড়িওয়ালা। তারা বলছে, থাকতে হলে বেশি ভাড়া দিতে হবে। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে থাকতে হচ্ছে অনেক তরুণকে।


