মাগুরানিউজ.কম:
একসময় দর্শকের ভিড় ঠেলে টিকিট সংগ্রহ করা ছিল কষ্টসাধ্য। আর এখন দর্শক-খরায় দিন কাটছে হল মালিকদের। মাগুরায় নিবু নিবু অবস্থায় টিকে আছে মাত্র দুটি সিনেমা হল। পূর্বাশা সিনেমা হল ও মধুমিতা সিনেমা হল। ঈদের দিন বরাবরই জমজমাট থাকে সিনেমা হল দুটি। তবে বহুবছর পর আবারো ব্লাকে বেশিদামে টিকিট কিনতে হলো অনেক দর্শককেই। অবাক ব্যাপারই বটে। কতৃপক্ষ বিষয়টি এড়িয়ে গেলেও বেশ মজা পাচ্ছেন বুঝিয়ে দিলেন।
ঈদের দিন দুপুর থেকেই পূর্বাশা সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলে ভিড় করতে দেখা গেছে উৎসবমুখর মানুষদের। শহরের দুটি সিনেমা হলেই ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নতুন বাংলা সিনেমা প্রদর্শন চলছে।
ঈদের দিন বৃহস্পতিবার (০৭ জুলাই) ও আজ দুপুরে মধুমিতা সিনেমা হলে গিয়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে নতুন বাংলা সিনেমাগুলোর জন্যই দর্শকদের আগ্রহ বেশি।
কমলাপুর থেকে আসা কলেজ ছাত্র বাঁধন তার বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছেন শাকিব খানের শিকারি ছবিটি দেখতে। তিনি মাগুরানিউজকে বলেন, এখন আমাদের সিনেমার মান বেশ ভাল এবং আধুনিক। আর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবি মুক্তি পাওয়ার আগেই বেশ সাড়া ফেলেছে বলে জানান তিনি।
তবে টিকেট কাউন্টারে টিকিটের জন্যই লম্বা লাইন দেখা গেলো। শহরের নিম্ন ও নিম্নমধ্যম আয়ের মানুষেদের ট্রেডিশনাল সিনেমা হলগুলোতেই ছুটতে দেখা গেছে ঈদের দিনটিকে উপভোগের জন্য।


