মাগুরানিউজ.কমঃ
গত ৭মে স্থগিত হওয়া ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় শালিখার গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক খাটোর গ্রামে আজ শিমুল মোল্যা নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। পুনরায় হামলা মামলার ভয়ে ইউনিয়নের চার গ্রামের শতাধিক পুরুষ ইতিমধ্যেই এলাকা ছেড়েছে।
এ ঘটনায় গোটা এলাকায় চলছে ভয়ানক আতংক। শিমুল স্থানীয় একটি মসজিদের ইমাম ও আওয়ামীলীগ কর্মী মোহন মোল্যার ছোট ভাই।
গত ৭ মে অনুষ্ঠিত গঙ্গারামপুর ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী আব্দুল হালিম ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ ফিরোজের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়া নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
ভূক্তভোগীরা জানিয়েছে, এ ইউনিয়নের বামনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত থাকার ফলে ফলাফল গোটা ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। অন্যান্য কেন্দ্রের মোট ভোটে দুই আওয়ামীলীগ প্রার্থীর ভোটের ব্যবধান ২৭৮।
নির্বাচন ঘিরে আওয়ামীলীগের দুই পক্ষে এ ধরণের বিরোধপূর্ণ অবস্থা তৈরী হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে গোটা এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ বিষয়ে সবাই সব অভিযোগ অস্বীকার করেছেন।


