মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষককে মারপিটের ঘটনায় আজ শুক্রবার দুপুরে ছাত্র-শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
স্থানীয়রা ও মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান- পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে বিক্ষুব্ধ ছাত্রশিক্ষকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠিচার্জ করে কিন্তু বিক্ষুব্ধ অবরোধকারীরা পুলিশের উপর ক্রমাগত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপে বাধ্য হয়। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
হাসপাতালে ভর্তি আহত শিক্ষক সুদিপ্ত কুমার সিংহ সংবাদমাধ্যমে জানান, বৃহস্পতিবার বিকেলে মোস্তাক নামে বহিরাগত এক যুবকসহ একটি সন্ত্রাসী গ্রুপ মোকলেছুর রহমান নামে ইন্সটিটিউটের এক শিক্ষককে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে বেলা ১২ টার দিকে পলিটেকনিকের শিক্ষক ও ছাত্ররা কলেজ গেটে বিক্ষোভ প্রদর্শনকালে সৃষ্ট ঘটনায় তিনিসহ ৪শিক্ষক ও ৬ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনিসহ বিদ্যুৎ, রকিবুল, বাবুল ও সজল নামে ৪ ছাত্রকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করেছেন।


