মাগুরানিউজ.কমঃ
জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ১১ ও ৫৯ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে করতে হয়। কিন্তু জেলা পরিষদ আইনে ৪, ৫ ও ১৭ ধারা অনুযায়ী জেলা পরিষদ প্রশাসক প্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।


