মাগুরানিউজ.কমঃ
প্রকৃতিরাজ্যে শীত আগাম নিমন্ত্রণ নিয়ে চলে এসেছে। এর মধ্যেই খাল-বিল-নদীতে কমতে শুরু করেছে পানি। পাশাপাশি শুকাতে থাকে খাল-বিল-ডোবা। শীত জেঁকে বসার আগেই পানি সেঁচে মাছ ধরার কাজটি সেরে নেয় গাঁয়ের লোক। খাল-বিলে এখন তাই সৌখিন মাছ শিকারিদের ভিড়।
অনেক অঞ্চলে ধান কাটা হয়ে গেছে, বড়রা ব্যস্ত মাড়াইয়ের কাজে। এই সুযোগে ঠেলাজাল নিয়ে বেরিয়ে পড়েছে পল্লীবালক আলম, রুহুল, সানাউলরা। জাল নিয়ে ডোবায় নেমেছে আলম। বাকি দু’জন পাড়ে, সানাউলের দায়িত্বে কচুপাতা ঢাকা দেওয়া হাঁড়ি। পানি থেকে জাল তুলতেই লাফিয়ে উঠছে টেংরা-পুঁটি-চিংড়ি-খলসে। অন্যদু’জন হাত বাড়িয়ে মাছ নিয়ে রাখছে হাঁড়িতে। মাছ ধরায় কী আগ্রহ আর মনযোগ!


