মাগুরানিউজ.কমঃ
ঢাকার উত্তরা ও আদাবর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তাদের মধ্যে একজন হলেন রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদ (২৯)। সে সিলেট থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছে র্যাব। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার রামনগরে। সে ওই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের সংবাদ সম্মেলন করে একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ১০টি ককটেল, পাঁচটি ডেটোনেটর, একট কয়েল ও এক কেজি ‘সাদা পাউডার’ উদ্ধারের কথা জানান র্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান।
তিনি জানান, রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদ জেএমবি’র ‘সারোয়ার-তামিম’ সক্রিয় সদস্য। সে সিলেট থেকে অস্ত্র চালানোর উপর প্রশিক্ষণ নিয়েছে। অস্ত্র প্রশিক্ষকের দায়িত্বে ছিল।
র্যাবের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজীব ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জসীম উদ্দিন রহমানির ঘনিষ্ঠ সহচর ছিল। পরবর্তীতে ২০১৫ সালে সে মাওলানা হাকিমের মাধ্যমে জেএমবি’র ‘সারোয়ার-তামিম’ গ্রুপে যোগদান করে।
তিনি আরো জানান, রাজীব ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছে। বর্তমানে সে ফাইভ স্টার সিমেন্ট কোম্পানীর সেলস্ রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত রয়েছে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার রামনগরে। সে ওই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
বাকি ৪জন হলেন- মাওলানা আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান (৪০), গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল বান্না ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিন ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩) এবং শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়া (৪২)।


