মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের দুই টাকার নতুন নোটের একদিকে জাতীয় শহীদ মিনারের ছবি এবং অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুখাবয়ব। পুরনো নোটের একপাশে জাতীয় পাখি দোয়েল দেখা যায়।
সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত একটি খবর নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা। বিষয়টিকে অনেকেই টাকার মানহানী বলেও অভিহিত করেছেন। মাদক সেবনে টাকার ব্যবহার খুবই ব্যথিত হবার মতো ঘটনা বলে বিশিষ্টজনেরা অভিমত প্রকাশ করেছেন পাশাপাশি শংকাও বেড়েছে।
জানা গেছে, বাংলাদেশের দুই টাকার নোটগুলো সীমান্ত দিয়ে চোরাইপথ এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিবেশি দেশ ভারতে পাচার হতে দেখা যায়। পরে সেগুলো ভারতে নোট প্রতি ৫ রুপি করে বিক্রি হয়ে থাকে। এই নোট দিয়ে মাদক সেবীরা ইয়াবা গ্রহণ করেন।
বাংলাদেশেও এই একই ঘটনা ঘটছে বলে প্রতিটি দোকানীর অভিযোগ। দোকানীরা জানিয়েছেন, ২ টাকার বেশিরভাগ নোটেই রয়েছে পোড়া দাগ। কিছু কিছু ৫ ও ১০ টাকার নোটেও একই অবস্থা।
সম্প্রতি পরপর বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে পাচার হওয়ার সময় উদ্ধার হয় বাংলাদেশি দুই টাকার নোট। চলতি মাসেই যশোরের স্থলবন্দর বেনাপোল থেকে দুই ধাপে দুই টাকার নোটের বড় চালান ধরা পড়ে। এসময় এই পাচারের সঙ্গে জড়িত দুইজন ভারতীয় নাগরিকও ধরা পড়ে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে বাংলাদেশের দুই টাকার নোটের এতো চাহিদা কেন ভারতে? এই নোট দিয়ে কি করে ভারতীয়রা?
গোয়েন্দারা বলছেন, বাংলাদেশের দুই টাকার নোট ভারতীয় মাদকসেবীদের কাছে অনেক জনপ্রিয়। এই নোট দিয়ে মাদক সেবীরা ইয়াবা গ্রহণ করেন।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ‘বিবিসি’কে বলেন, বন্দরে ধরা পড়া দুই টাকার নোটগুলো মূলত ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়। আমরা ধারণা করছি এই নোটগুলো সেখানে হেরোইন বা ইয়াবা সেবনে ব্যবহার হয়।’
আটককৃতদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে পুলিশ জানিয়েছে, দুই টাকার নতুন নোট দিয়ে পাইপ বানিয়ে হেরোইন ও ইয়াবা সেবন করে মাদকাসক্তরা। ভারতে বাংলাদেশের দুই টাকার নোট সবচেয়ে বেশি জনপ্রিয়।
লেখক- আইনজীবী ও সাংবাদিক।


