মাগুরানিউজ.কমঃ
শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায় দীপাবলির আলোকে আজ উদ্ভাসিত হয়ে উঠেছে চারদিক। আলোকের এই ঝর্ণাধারায় সকল অন্ধকার, কালিমা ধুইয়ে নিজেকে ও পৃথিবীকে আলোকিত করতে জ্বালানো হলো সহস্র দ্বীপ। সনাতন ধর্মমতে, এই মাহেন্দ্রলগ্নে আবির্ভাব ঘটবে মঙ্গলময়ী জননী শ্যামা দেবীর।
আজ শনিবার শ্রীশ্রী শ্যামাপূজা কালীপূজা বা দীপাবলি উৎসব। শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তারা আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজাঅর্চনা করবেন। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হয় দীপাবলি উৎসবের।
বাংলায় ‘দীপাবলি’, হিন্দিতে ‘দিওয়ালি- যার অর্থ প্রদীপের সারি। দীপাবলির আলোয় দূর হয় সকল অশুভ শক্তি, ঘটে শুভ শক্তির আর্বিভাব। আর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মশাস্ত্র মতে, মা কালী হচ্ছেন অগ্নির সপ্তম জিহ্বা আর অগ্নি হচ্ছেন স্বয়ং ঈশ্বর; যা মা কালী বা শ্যামা নামে ভক্তদের কাছে উপস্থিত হন। মাতৃ আরাধনার আরেক রূপ হচ্ছে শ্যমা পূজা।
দীপাবলি হচ্ছে এই পূজার অন্যতম আর্কষণ। অন্ধকার বিনাশের প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিন ঘরে ও মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন। এ প্রদীপের আলো যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত কোন অশুভ শক্তি আসতে পারে না।


