মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ঢাকার আবাহনি, মোহামেডান সহ দেশের দশটি ফুটবল দল নিয়ে রবিবার বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে। বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অপারেশন ডাইরেক্টর নাইমুর রহমান দুর্জয় এমপি।
মহম্মদপুরের আসাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল ঝিনাইদহ জেলা দল কে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে।
মাগুরায় প্রথম বারের মতো এ ধরণের টুর্নামেন্টের আয়োজন হলো যেখানে ঢাকা আবাহনী ক্রীড়াচক্র লিমিটিড ও ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, মিরপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, দ্যা রিয়েল খুলনা জেলা ফুটবল দল, ঝিনাইদহ ফুটবল একাডেমী, নাটোর জেলা ফুটবল দল, মানিকগঞ্জ জেলা ফুটবল দল, আছাদুজ্জামান ফুটবল একাডেমী ও ফরিদপুরের সদরপুর ফুটবল একাডেমী অংশ নিচ্ছে।
বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান, আসলামুল হক এমপি ও একরামুল হক চৌধুরী এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর এবং জেলা উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলার পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকির আলমগীর, মিলা ও ক্লোজআপ-১ এর শিল্পী পলাশ সংগীত পরিবেশন করেন।


