চিলির কাছেও হেসেখেলে জিতেছিল মেসিবিহীন আর্জেন্টিনা। আজ তো পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসি-আগুয়েরোরা। এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পালা ব্রাজিলের।
আগামী পরশু সকালে জিলেট স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।
আগের ম্যাচে হাইতিকে ৭-১ গোলে হারানোয় কোয়ার্টারে ওঠার পথে অনেক এগিয়ে সেলেকাওরা। এখন পেরুর বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত হবে দুঙ্গার শীষ্যদের।
প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও হাইতির বিপক্ষে পরের ম্যাচেই স্বরুপে হলুদ জার্সিরা। ৭-১ গোলে হাইতিকে উড়িয়ে দেয় ব্রাজিল।
পরিসংখ্যানেও পেরুর চেয়ে বিস্তর এগিয়ে ব্রাজিল। সব মিলিয়ে ৪১ সাক্ষাতে ব্রাজিলের জয় ২৯টিতে। হেরেছে কেবল ৩ ম্যাচে।


