মাগুরানিউজ.কমঃ
ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফেরার পর রাজ্যের মানুষকে অকুন্ঠ ধন্যবাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ৯৮টিতে ইতোমধ্যেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে আরও ১১৩ আসনে।
অন্যদিকে বিজেপি জিতেছে দুটি আসনে।
এছাড়া কংগ্রেস ১৪টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে আরও ৩১ টি আসনে।
আর বামজোট এগিয়ে আছে ৩২টি আসনে।
ওদিকে জয়লাভের খবর নিশ্চিত হওয়ার পর কোলকাতায় নিজের বাসভবনে দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গত দুবছর ধরে তার সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র হয়েছে।
তিনি আরও বলেছেন, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে।
তবে একইসঙ্গে তিনি বলেছেন ভুল থেকে তারা শিক্ষা নেবেন।
স্বীকার করেছেন, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনও কোনও ক্ষেত্রে ভুল হয়েও থাকতে পারে।
এরপর ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, ওই দিনই দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে মমতা এদিন আরও বলেছেন, বিজেপির সঙ্গে তাদের মতাদর্শগত ফারাক রয়েছে।
তবে কেন্দ্রে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনে তৃণমূলের আপত্তি নেই।
এর কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি কলকাতায় টেলিফোন করে মমতা ব্যানাজিৃকে তার বিপুল বিজয়ের জন্য অভিনন্দন জানান।
রাজ্যে তৃণমূলের বিপুল বিজয়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে বিজয় উৎসব হবে কি না, সে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান ঠিক বিজয় উৎসব নয় – তবে আগামী ১০ দিন ধরে নানা ধরনের ‘সাংস্কৃতিক কর্মসূচী’ পালন হবে। বিবিসি অবলম্বনে।


