মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে রাজি না হওয়ায় বহিরাগত এক প্রাইমারি শিক্ষক কর্তৃক মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত অপর এক শিক্ষক প্রহৃত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার শহরের সরকারি ওই ট্রেনিং ইনস্টিটিউটের দুই শতাধিক প্রশিক্ষণরত শিক্ষক প্রতিবাদে রাস্তায় নেমে মানববন্ধন, মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বারাবর স্মারকলিপি প্রদান করেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুল মতিন চাঁদ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যরা জানান, বহিরাগত শিক্ষক আব্দুল মতিন চাঁদ মাগুরা পিটিআই’র শিক্ষকদের ত্রৈমাসিক ভাতা গ্রহণের জন্য সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরমর্শ দেন। শিক্ষকরা এই ভাতা তিন মাস অন্তর সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে নগদ গ্রহণ করে থাকেন। এ কারণে পাশাপাশি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কর্তনের নিয়ম থাকায় শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যরা এ ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার সকালে মহম্মদপুরের ঘুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মতিন চাঁদ মাগুরা পিটিআই ক্যাম্পাসে ঢুকে জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে মারপিট করেন।
বিষয়টি শিক্ষকরা পিটিআই সুপারকে জানালে তিনি রবিবার বিকেলের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
কিন্তু নির্ধারিত সময়ে সমাধান না হওয়ায় আজ সোমবার সকালে তারা মানববন্ধনসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন।
এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি স্মারকলিপি শিক্ষকদের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্তপূর্বক করণীয় বিষয়ে নির্দেশ দিয়েছি। শিক্ষক প্রহৃত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে মাগুরা পিটিআই সুপারিনটেন্ডেন্ট বাদল চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিষয়টির দ্রুত মীমাংসার জন্য রবিবার সভা ডেকেছিলাম। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি না থাকায় মীমাংসা করা সম্ভব হয়নি। পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

