মাগুরানিউজ.কমঃ
ভিসা প্রার্থীদের কাছে ভবিষ্যতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড চাইতে পারে দুতাবাসগুলো। মূলত তাদের ব্যাকগ্রাউন্ড দেখতেই পাসওয়ার্ড চাওয়া হতে পারে। মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী জন কেলি এ কথা বলেন।
কেলি বলেন, যে দেশগুলো নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেসব দেশের প্রার্থীদের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এক্ষেত্রে সাত মুসলিম অধ্যুষিত দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে যোগ করেন তিনি।
তিনি বলেন, আমরা তাদের ভালোভাবে জানতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর পাসওয়ার্ড চাইতে পারি। এক্ষেত্রে তারা সহযোগিতা করতে না চাইলে তাদের যুক্তরাষ্ট্রে আসার দরকার নেই।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সাতটি মুসলিম প্রধান দেশের অভিবাসী বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেন দেশটির আদালত। আদলতের স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প আপিল করলে তা খারিজ হয়ে যায়।


