মাগুরানিউজ.কমঃ
প্রতিভাবানরা একুট পাগলাটে কিংবা রসিকও হয় বটে!
স্পেনের রাজধানী মাদ্রিদের ব্যস্ততম সড়ক প্লাজা দে কালাওয়ের সকাল বেলা। ধূসর রংয়ের জ্যাকেট, ট্রাউজার্স, পায়ে স্নিকার্স পরিহিত এক ব্যক্তি। চোখে চশমা, মুখে এক গাল দাড়ি। মাথায় লম্বা এলোমেলো চুল। ইতিউতি তাকাচ্ছেন। আবার দুষ্টমিও করছেন সবার সঙ্গে। দূর থেকে মনে হবে পাগলই বোধ হয়।
সঙ্গতকারণেই কেউ পাত্তাই দিচ্ছিল না। হঠাৎ কোথা থেকে চলে এল একটা বল। শুরু হলো বল নিয়ে সেই লোকটির কারিকুরি। এবার দু ‘একজন ঘুরে তাকাতে শুরু করলেন। হঠাৎই দাড়ি আর পরচুলাটা সরে গেল। রাস্তার প্রতিটা মানুষ তখন বিস্মিত, অবাক। অবাক বিস্ময়ে তারা দেখল, ভবঘুরে-পাগল সাজা লোকটাতো তাদের অতি পরিচিত, এ যে স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো!
খুদে এক সমর্থক যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখকে। রোনালদো যখন জড়িয়ে ধরেন, বিস্ময় মাখানো উচ্ছ্বাসে তার অভিব্যক্তি ছিল উচ্ছ্বাসে ভরা। তার পরেই শুরু হয়ে যায় সেলফি তোলার ধুম।
কেউ রোনালদোর সই নিতে হুড়োহুড়ি ফেলে দেন, তো কেউ আবার মোবাইলে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন মুহূর্তটিকে। আম জনতার সঙ্গে মহা তারকার যেন চমকপ্রদ আদান প্রদান। সে এক ভিন্ন অনুভুতি।
মাদ্রিদের রাস্তায় রোনালদোর আচমকা এই ছদ্মবেশ ধারণ, ভক্তদের মাঝে দিয়েছিল এক চিলতে ভিন্ন রোমাঞ্চ।


