মাগুরানিউজ.কমঃ
স্টিভেন স্মিথ জিতলেন অ্যালান বোর্ডার মেডেল। অস্ট্রেলিয়ার ২০১৪-১৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। মাত্র ২৫ বছরেই বিশাল সম্মানের এই পুরস্কার জিতেছেন স্মিথ। ২০০৫ সালে মাইকেল ক্লার্ক সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতেছিলেন। দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তা জিতলেন অস্ট্রেলিয়ার স্ট্যান্ড ইন টেস্ট অধিনায়ক স্মিথ। তিনি বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।
সতীর্থ খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়া প্রতিনিধিদের ভোটে অ্যালান বোর্ডার পুরস্কার কাকে দেওয়া হবে তা নির্ধারন করা হয়। এই ভোটাভুটিতে স্মিথ সর্বোচ্চ ২৪৩ ভোট পেয়েছেন। কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ডেভিড ওয়ার্নারের (১৭৫) সাথেও বিপুল ব্যবধান তার। আগের বছরের জয়ী মিচেল জনসন পেয়েছেন ১২৬ ভোট। অ্যারন ফিঞ্চ ১১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৯৬ ভোট পেয়েছেন।
ভোটের সময়কাল হলো ২৪ জানুয়ারি ২০১৪ থেকে ১০ জানুয়ারি ২০১৫। এই সময়ে স্মিথ ৯ টেস্টে ৮৬.৫৭ গড়ে ১২১২ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি করেছেন তিনি। এই পাঁচের ৪ সেঞ্চুরিই এসেছে ভারতের বিপক্ষে চার টেস্টে। ৭২৯ রান করে স্যার ডন ব্র্যাডম্যানের ভারতের বিপক্ষে এক সিরিজে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গেন স্মিথ। ২০১৪ সালে খেলা ১২ ওয়ানডেতে ৫৪১ রান করেছেন স্মিথ। গড় ৪৯.১৮। এই সময়ে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেন স্মিথ।


