ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী নৈশভোজ। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।
নৈশভোজে ভারতের বর্তমান বিরোধী দল ও চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীকে নিজ হাতে কোমল পানীয়ের পাত্র তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি। এ সময় সোনিয়াও তাঁর সঙ্গে কিছু চমৎকার মুহূর্ত বিনিময় করেন।
নৈশভোজের আয়োজন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা, কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং শীর্ষস্থানীয় রাজনীতিকেরা।
মোদি যখন নৈশভোজে সোনিয়াকে কোমল পানীয়ের পাত্র তুলে দিচ্ছিলেন, তখন দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। ভোজের প্রধান টেবিলে মুখোমুখি বসেন প্রতিদ্বন্দ্বী এ দুই নেতা। এ টেবিলেই বসেন ওবামা, মিশেল, প্রণব, মনমোহনও। একটি মুহূর্তে প্রণব মুখার্জিকে কোমল পানীয়ের পাত্র তুলে দিতে দেখা যায় মিশেলকে। ওবামাও ভারত-মার্কিন এই বন্ধুত্বের নমুনাকে লুফে নেন। বলেন, ‘এই রাতে আমি মোদি কুর্তা পরার কথা ভাবছিলাম। আমরা আপনাদের বন্ধুত্ব, দোস্তিকে অনুভব করি এবং আমি খুবই সম্মানিত বোধ করছি।’


