মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ সরকারি বাওড়ের বিভিন্ন প্রজাতীর মাছ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে মারা যাচ্ছে । এতে ১২ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছে।
উপজেলা মৎস্য অফিস ও ভুক্তভোগী জয়নগর মৎস্যজীবি সমবায় সমিতি’র সম্পাদক সুশীল বিশ্বাস জানান, উপজেলার গোয়ালদাহ গ্রামের বিলের মধ্যে ১৮.৮৫ একর সরকারি খাস জমিতে বাওড়টি অবস্থিত । উপজেলা প্রশাসন প্রতি তিন বছর অন্তর অন্তর সরকারি নিয়মনীতি অনুযায়ী এলাকার মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যদেরকে টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়ে থাকে । ২০১৩ সালে সকল সরকারি শর্ত ও নিয়মনীতি মেনে নিয়ে জয়নগর মৎস্যজীবি সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক সুশীল বিশ্বাস বাওড়টি ইজারা নেন । ইজারা প্রাপ্ত হওয়ার পর তিনি সমিতির ৫৫ জন সদস্যেদের ব্যক্তিগত অর্থে সরকারি ইজারা,আয়কর ভ্যাট,মাছ চাষের উপকরণ,পোনা অবমুক্ত,মাছের খাদ্য সরবরাহ ও পারিশ্রমিকসহ এ পর্যন্ত প্রায় ৯ লক্ষাধীক টাকা খরচ করেছেন এবং এখানে থেকে এ বছর উৎপাদিত মাছ থেকে ১৫ লক্ষাধীক টাকা অর্জনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ।
একমাত্র এ বাওড়ের উপর নির্ভরশীল হয়ে এলাকার দু’শতাধীক জেলে পরিবার জীবিকা করে থাকে । তাছাড়া প্রতি বছর এ বাওড়ের উৎপাদিত মাছ উপজেলার শতকরা ২৫ ভাগ লোকের চাহিদা ও পুষ্টি যোগান দিয়ে থাকে। এ বছর মাছের উৎপাদনও হয়েছিল ভাল এবং সবেমাত্র মাছ ধরা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বাওড়ের সিলভার কার্প , মৃগেল , কাতল , রুই , পাঙ্গাস ,মৃনালকার্প ,জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতীর মাছ গত এক সপ্তাহ ধরে ব্যাপকহারে অব্যাহতভাবে মারা যাচ্ছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের পরামর্শ মতে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও মাছ রক্ষা করা সম্ভব হচ্ছেনা। বাওড়ের অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছে বাওড়টি খৈইয়ের মত সাদা হয়ে উঠেছে । পঁচা মাছের দুর্গন্ধে গোটা এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠেছে । সংবাদ পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শাহাদৎ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাঁদ সিংহ,শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)তরফদার মাহমুদুর রহমান ও সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক মহলদার বাওড়টি পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন,পার্শ্ববর্তী বিলের বিষাক্ত কীটনাশক মিশ্রিত পানি বাওড়ে প্রবেশ করায় ব্যাকটিরিয়া জনিত কারনে মাছে মোড়ক লেগে মাছ মারা যাচ্ছে।


