মাগুরানিউজ.কমঃ
এ যুগের শচীন টেন্ডুলকার বলা হয় বিরাট কোহলিকে। ক্রিকেটে টেন্ডুলকার এমন কিছু রেকর্ড গড়েছেন, যা ভাঙ্গা অসম্ভব! আর সেই অসম্ভবকে সম্ভব করার পথেই হাঁটছেন কোহলি।
শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি করার সুবাদে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসকে।
নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেন কোহলি। নেতার ভূমিকায় শতভাগ সফল হয়েছেন তিনি। সিরিজের দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তার দল ভারত।
এই ম্যাচে রেকর্ডের হাতছানি ছিল কোহলির। একদিনের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৬ হাজারি ক্লাবে নাম লেখাতে তার প্রয়োজন ছিল মাত্র ৫০ রান। কোহলি তা করে দেখিয়েছেন। ম্যাচটিতে তার ব্যাট থেকে এসেছে মূল্যবান ৫৩ রান। আর তাতে ভারতের জয় নিশ্চিত হয়। আবার ব্যক্তিগত রেকর্ডও গড়েন কোহলি।
এর আগে ১৫৬ ম্যাচে ৬ হাজার রানের মালিক হয়েছিলেন ভিভিয়ান রিচার্ডস। আর কোহলি এই রানের মালিক হলেন মাত্র ১৪৪টি ম্যাচ খেলে।


