মাগুরানিউজ.কমঃ
নিখোঁজ হয়ে যাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সন্ধান পেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
প্রায় দু’মাস আগে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন মিস্টার আহমেদ।
তার দল বিএনপির আন্দোলন কর্মসূচির সময় তিনি ওই বাড়িতে গোপনে অবস্থান করে বিবৃতি দিয়ে আসছিলেন।
হাসিনা আহমেদ কিছুক্ষন আগে বিবিসিকে জানান আজ বেলা সাড়ে এগারটার তার স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছে।
মিজ আহমেদ বলেন, “মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তিনি ফোন করেছেন। শুধু বলেছেন আমি ভালো আছি। তোমরা আসার ব্যবস্থা করো”।
তবে কোন হাসপাতালে তিনি এবং কিভাবে সেখানে তিনি গেলেন তার কিছুই জানাতে পারেননি তার স্ত্রী।
ওদিকে স্বামীর ফোন পাওয়ার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে তার বাসায় গেছেন হাসিনা আহমেদ।
গত ৮ই মার্চ রাত থেকে সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কয়েকদিন আগেও অভিযোগ করেছিলেন যে মিস্টার আহমেদ র্যাবের কাছে আছে।
তবে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।


