মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরতলির বাঁশকোঠা এলাকায় সড়কে ডাকাতির সময় তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
মাগুরা সদর থানার এসআই মিলন হোসেন জানান, ভোর ১টার দিকে বাঁশকোঠা এলাকায় একটি মাঠের মধ্যে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে মোবাইল, টাকাপয়সা ছিনিয়ে নেয় আল আমিন (২০), সাব্বির হোসেন (২২) ও উজ্জ্বল হোসেন (২১) নামের তিন যুবক।
এ সময় আক্রান্তদের চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে আসে এবং ডাকাতদের ধরে পিটুনি দেয়। পরে খবর পেয়ে আহত অবস্থায় ওই তিন যুবককে উদ্ধার করে পুলিশ। তাদের তিনজনেরই বাড়ি শহরতলির নান্দুয়ালী এলাকায়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল মাগুরা-টেংগাখালী সড়কের বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি, মোটরসাইকেল ছিনতাইসহ নানা রকম অবৈধ কর্মকাণ্ড করে আসছে।


