মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ মে (মঙ্গলবার) জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ উপ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ প্রার্থী।
মাগুরা জেলা নির্বাচন অফিসে উপ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ৪জন।
এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়। বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ ও ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম।
নির্ধারিত সময়ে মোট ৯ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং ৮ জন মনোনয়নপত্র জমা দেন। যার মধ্যে ৪ মে বাছাইয়ে ৩ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়।
৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়।


