মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় পিকআপভ্যান চাপায় লামিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। লামিয়া ইছাখাদা গ্রামের আলম মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় মাগুরানিউজকে জানান, সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে ইছাখাদা দরগাহ এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।


