মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার বড় শলই গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। শনিবার রাত ৮টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলো ওই গ্রামের বিল্পব হেসেনের কন্যা সিনথিয়া (৪) ও একই গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে সান (৩)।
জানা যায়, ওই গ্রামের একটি পুকুরের পাশে শনিবার বিকালে খেলা করার সময় মামাতো-ফুফাতো ভাই-বোন সিনথিয়া ও সান পুকুরে পড়ে যায়। রাত ৮টার দিকে পানিতে তাদের লাশ ভেসে উঠে। আজ রবিবার সকালে তাদের লাশ দাফন করা হয়।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মাহবুব আল হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় ইউডি মামলা করা হয়েছে।

