মাগুরানিউজ.কমঃ
ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং থানা কমিটি পূর্নগঠন ছাড়াই দীর্ঘ একযুগ পর মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল রোববার অনুষ্টিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে সম্মেলন সফল করতে শহরের বিভিন্ন স্থানে রকমারি ব্যানার, ফেস্টুন,বিশাল গেট, দৃষ্টি নন্দন আলোক সজ্জা, ঐতিহাসিক নোমানী ময়দানে সম্মেলন মঞ্চ তৈরি করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি, সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ পদ পেতে শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং লবিং। সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসহ উদ্দিপনা দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে।
নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি খান তানজেল হোসেন, সেক্রেটারি প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, সহ-সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম সম্পাদক আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, মহিলা এমপি কামরুল লাইলা জলি এবং সদর থানার সভাপতি পংকজ কুমার কুন্ডু প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ভারপ্রাপ্ত সভাপতি খান তানজেল হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন হবে। দলীয় কর্মকাণ্ডে সঠিক মূল্যায়ণ হলে তিনি শতভাগ আশাবাদি।
যুগ্ম সম্পাদক আবু নাসির বাবলু জানান, জেলা আওয়ামী লীগের রাজনীতির দুটি ধারার একটির নেতৃত্বে তিনি দীর্ঘ কয়েক যুগ থাকায় তৃনমূল নেতাকর্মীদের মতামত মুল্যায়িত হলে তার বিকল্প নেই।
অন্যদিকে পংকজ কুমার কুন্ডু জানান, ছাত্র জীবন থেকে সততার সঙ্গে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে নিয়োজিত রয়েছি তাই দলের কাছে প্রত্যাশাও বেশি।
রোববারের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এবং উদ্বোধক হিসাবে থাকবেন সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, বিএম মোজাম্মেল হক এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।


