মাগুরানিউজ.কমঃ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে মাগুরাতে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিরাপদে পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশে মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা পুলিশ। এ জন্য পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসনের সুত্রমতে, মাগুরাতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে।
মাগুরাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয়। মাগুরার বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা লক্ষ করা যায়।
এদিকে সকালে মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও পরীক্ষাকেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য দেশের প্রতিটি পাড়া, মহল্লায়, মোড়ে, পরীক্ষাকেন্দ্রে পাহারা বসাবে ছাত্রলীগ। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার সময় সারা দেশে একযোগে পরীক্ষাকেন্দ্র পাহারা দেবে। বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবে।

