মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের ঈশ্বরদীতে যাকে কেন্দ্র করে একটি বাজার বিবিসি বাজার নামে পরিচিতি পেয়েছে, সেই আবুল কাশেম মোল্লা আজ মারা গেছেন। বিবিসি।
৭৫ বছর বয়স্ক মি:মোল্লা দীর্ঘ সময় ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদীর ছোট বাজারটিতে আবুল কাশেম মোল্লার চায়ের দোকান ছিলো।
সেই দোকানে তাঁর একটি থ্রি ব্যান্ডের রেডিওতে বিবিসির খবর শোনার জন্য অনেক মানুষ জড়ো হতেন।
মুল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের খবর জানা।
যুদ্ধের সময় প্রতিদিন সন্ধ্যায় অনেক মানুষ জড়ো হওয়ার খবর পেয়ে এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী আবুল কাশেম মোল্লাকে নির্যাতন করে পা ভেঙ্গে দিয়েছিল।
সেই থেকে কয়েকটি দোকান নিয়ে ছোট বাজারটি বিবিসি বাজার নামে পরিচিতি পায়।এখনও সেই নামই রয়েছে।
তবে ইতিহাসের সাক্ষ্য বহনকারী আবুল কাশেম মোল্লার সেই রেডিও বেশ কয়েক বছর আগে নষ্ট হয়ে গেছে।এখন তিনিও চলে গেলেন না ফেরার দেশে।


