মাগুরানিউজ.কমঃ
মাগুরায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাইদকে দুটি অস্ত্র ও ২৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করছে র্যাব-৬।
যশোর এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর মেজর আশরাফ জানান, যশোর এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার রাতে রাজন হত্যার প্রধান আসামি মীর সাইদকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিমূলক রাতেই মাগুরা শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি শর্টগান, ১টি পিস্তল, ২টি ইয়ার সুটার ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব। তাকে অস্ত্র মামলায় শনিবার মাগুরা শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর সন্ধ্যায় মাগুরা সরকারি কলেজ চত্বরে ছাত্রলীগ কর্মী রাজন খানকে কুপিয়ে হত্যা করে একদল দুবৃত্ত। ওই হত্যা মামলায় মীর সাইদকে প্রধান আসামি করে ১৮ জনের নামে সদর থানায় মামলা রুজু হয়। এর পর পুলিশ তার অস্ত্রের লাইসেন্স বাতিল করে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন সাইদ মীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


