মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলায় আঠারখাদা জোড়া ব্রিজের পশ্চিম পাশের বিলের মধ্যে এক অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বাঁধা লাশ পেয়েছে পুলিশ।
নিহত শাওন শেখ (১৮) মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মাধ্যপাড়া এলাকার প্রবাসী জাকাত শেখের ছেলে।
মাগুরা সদর থানার এসআই সালাহউদ্দিন মিয়া জানান, প্রতিদিনের মত সোমবার সকালে শাওন তার ব্যাটারিচালিত অটেরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুজি শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে বিলের মাঝে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে শাওনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এসআই সালাহউদ্দিন বলেন, “পূর্ব শত্রুতা থেকে অথবা অটো ছিনতাইয়ের জন্য শাওনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান।


