মাগুরানিউজ.কমঃ
মাগুরায় প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত দিনে আদালতে হাজির না হয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহা মামুন এ পারোয়ানার আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবি ওয়াশিকুর রহমান কল্লোল জানান, ইসলাম ধর্ম ও হজরত মুহম্মদ (স.) সম্পর্কে কটূক্তি এবং অবমাননাকর বক্তব্য প্রাদানের অভিযোগে গত ১৬ অক্টোবর সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তুষার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত– এ মামলা দায়ের করেন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফারহা মামুন মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন এবং ১১ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। লতিফ সিদ্দিকী নির্ধারিত দিনে আদালতে হাজির না হয়ায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেন।


