মাগুরানিউজ.কমঃ
কয়েক দিন ধরেই মাগুরাতে শীত বেড়েছে। অনেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকার পর দেখা মিলছে সূর্যের। এদিকে শীত বেড়ে যাওয়ায় জেলা সদর ও তিনটি উপজেলার বিভিন্ন স্থানে গরম পোশাকের দোকানগুলোতে ভিড়-ভাট্টাও বেড়েছে। মানুষ নিজেদের চাহিদা মতো পোশাক কিনছেন।
সদরের পোস্ট অফিস এলাকায় গরম পোশাকের দোকানগুলোতে আজ সকাল থেকেই ক্রেতাদের জটলা দেখা যায়। চাহিদা মতো মানুষ বিভিন্ন ধরনের গরম পোশাক যেমন-সোয়েটার, কম্বল, জ্যাকেট, হাত-পা মোজা, মাফলার, কানটুপি কিনছেন। সেখানকার গরম পোশাকের দোকানি আলমগীর হোসেন জানান, শীতের পোশাকের চাহিদা বেশি।
বেলনগরের বাসিন্দা আশরাফ আলী ও শান্তা শহরের কলেজ রোডে শীতের পোশাক কিনতে এসেছেন। তারা জানান, শীত বেড়ে যাওয়ায় নিজেদের পাশাপাশি শিশুদের জন্যও গরম পোশাক খুঁজছেন।
সোয়েটারসহ অন্যান্য গরম পোশাকের পাশাপাশি কম্বলের চাহিদাও রয়েছে। চৌরঙ্গি সড়কের কম্বল বিক্রেতা মাহমুদ জানান, শীতে সব সময় উলের কম্বলের চাহিদা বেশি। সাধারণত চায়না ও কোরিয়ার কম্বল বেশি বিক্রি হয়। এসব কম্বল পাওয়া যায় এক হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।
শীতের পোশাক বিক্রির আরেকটি বাজার সদরের বেবি প্লাজা। এখানেও আজ শীতের পোশাক ক্রেতাদের ভিড় দেখা যায়। দোকান ঘুরে দেখা গেছে, ছেলেমেয়েদের দেশি গার্মেন্টসের সোয়েটার বিক্রি হচ্ছে ৪০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। এছাড়া বিভিন্ন ধরনের জ্যাকেট, ভারী সোয়েটার বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার টাকায়। হাত-পা মোজা, কানটুপি, মাফলার মিলছে ৪০ থেকে দেড়শ’ টাকার মধ্যে।


