মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত ও ৩০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, একটি মামলা তুলে না নেওয়ার জের ধরে সকালে বড়রিয়া গ্রামের আতিয়ার কাজী ও শাহাজান সরদারের গ্রুপের লোকজন হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ৩০টি বসতঘরে ভাঙচুরসহ অন্তত অর্ধকোটি টাকার সম্পদ লুট করা হয়েছে। এ হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত সামাদ (৩২), লাল মিয়া (৪৮),ডলার (২৮),রমজান (১৭) ও ইস্রাফিলকে (৩৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।


