মাগুরানিউজ.কমঃ
ফরাশগঞ্জকে হারিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফরাশগঞ্জের বিপক্ষে তাদের জয়টি ৩-১ ব্যবধানের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে তিন পয়েন্ট এনে দেওয়ায় দারুণ ভুমিকা রাখেন অ্যাডামস; দুটি গোল করেন তিনি। জয়ী দলের অপর গোলদাতা ওয়ালসন। ফরাশগঞ্জের ব্যবধান কমানো গোলটি করেন আকিনেলে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫০তম মিনিটে অ্যাডামসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়ালসন।
৭৯তম মিনিটে আকিনেলের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ফরাশগঞ্জ কিন্তু ৮৫ মিনিটে করা অ্যাডামসের ব্যক্তিগত দ্বিতীয় গোল ব্রাদার্সকে জয়ের পথে রাখে।
চলতি মৌসুমে আগের দুই ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে ড্র করার পর শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল ব্রাদার্স।
শেখ জামাল ধানমণ্ডির কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ফরাশগঞ্জ নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল।


