মাগুরানিউজ.কমঃ
ভোট দিলেন একজনকে, পরে দেখা গেল সেই ভোট পড়েছে আরেকজনের বাক্সে। সেটা যদি হয় ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে, তবে বিস্ময়ের আর শেষ থাকবে না।
সম্প্রতি এ অভিযোগটিই করেছেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। তার মতে, ফিফা ব্যালন ডি’অরে তার ভোট পাল্টে দেয়া হয়েছে।
এবার ফিফা ব্যালন ডি‘অরে প্রথম পছন্দ হিসাবে তিনি ভোট দিয়েছিলেন বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লামকে। কিন্তু ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার পর প্রকাশিত তালিকায় দেখা যায় তার ভোট পড়েছে বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর বাক্সে, কি ভয়ানক!
হেরেরার এমন অভিযোগের কারণে ব্যালন ডি‘অরের ভোটিং প্রক্রিয়া পুরোটাই এখন পড়ে গেছে প্রশ্নের মুখে। তবে হেরেরা একা নন, এমন অভিযোগ তুলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্দা তুরানও।
তার ক্ষেত্রটা অবশ্য সেরা কোচের তালিকায়। তিনি ভোট দিয়েছিলেন তারই ক্লাবের কোচ দিয়েগো সিমিওনেকে। কিন্তু অবাক ব্যাপার, তুরানের ভোট পড়েছে চেলসি কোচ হোসে মরিনহোর বাক্সে।
ব্যালন ডি’অরের ভোট দেন ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত সাংবাদিকেরা। প্রত্যেকেই সুযোগ পান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে তিনটি করে ভোট দেওয়ার। পরে এই ভোটিং তালিকা প্রকাশ করা হয়। মেক্সিকো কোচ অবশ্য এখনও পর্যন্ত ফিফার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
কেবল জানিয়েছেন, ভোট বদলে যাওয়ার ব্যাপারটি। তার মতে, ‘আমি তো রোনালদোকে ভোট দিইনি। বিশ্বকাপ বিজয়ী জার্মান অধিনায়ক লামকে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলাম। চূড়ান্ত তালিকা দেখে আমি সত্যিই ক্ষুব্ধ।’


