মাগুরানিউজ.কমঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াচ্ছে আগামী ৮ এপ্রিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এবারও আছেন সাকিব আল হাসান। তবে পুরো টুর্নামেন্টে সাকিবকে পাচ্ছে না কেকেআর।
এদিকে আইপিএলে যোগ দেওয়ার কারণে সাকিব ঘরের মাঠে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট মিস করবেন সাকিব।
আগামি মাসে বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। এ কারণে বিশ্বের সেরা অলরাউন্ডারকে পাবে না শাহরুখ খানের দল। তবে পাকিস্তান সিরিজের আগের প্রথম দুই ম্যাচের জন্যে সাকিব কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।
৮ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনে সাকিবের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ইডেনেই পরের ম্যাচ ১২ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর বিপক্ষে। প্রথম দুই ম্যাচ শেষে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিবেন সাকিব।
১৫ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। ২২ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করতে পারে দুই দল।
এদিকে আইপিএলে যোগ দেওয়ার কারণে সাকিব ঘরের মাঠে বিসিএলের চার ফ্রাঞ্চাইজি নিয়ে বিসিবির আয়োজিত ওয়ানডে টুর্নামেন্টও মিস করবেন। খুলনা ও বরিশাল নিয়ে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজি হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।
ইচ্ছে থাকা সত্ত্বেও সাকিবকে দলে পাবে না প্রাইম ব্যাংক। বিষয়টি নিয়ে প্রাইম ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের তো ইচ্ছে আছে সাকিবকে খেলানোর। তবে এই টুর্নামেন্টের সিডিউলটা হঠাৎ করে করা হয়েছে। যদি সাকিবের আইপিএলের সিডিউল আগের থেকে করা থাকে হয়তো তাকে আর পাওয়া যাবে না।’
৫ এপ্রিল বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। খেলাগুলো হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ফাইনাল হবে ১১ এপ্রিল।
বিসিএলের দলগুলোর কাছে এরই মধ্যে ২০ সদস্যের খেলোয়াড় তালিকা পৌঁছে দিয়েছে বিসিবি। প্রাইম ব্যাংকের কর্মকর্তা জানান ২০ সদস্যের তালিকাতে সাকিবের নাম রয়েছে। তবে টুর্নামেন্টে তাকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে কিছু বলেননি।


