মাগুরানিউজ.কমঃ
বিগ বস হাল্লা বোলের বিজয়ী হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌতম গুলাটি। গতকাল শনিবার অনুষ্ঠিত বিগ বস হাল্লা বোলের গ্র্যান্ড ফিনালে থেকে বিগ বস ট্রফিসহ পুরস্কার হিসেবে ৫০ লাখ রুপি বাগিয়ে নিয়েছেন ৩০ বছর বয়সী গৌতম। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে মডেল-অভিনেত্রী কারিশমা তান্না ও রেডিও জকি প্রীতম সিং।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে শেষ মুহূর্তের চমক হিসেবে বিগ বস হাল্লা বোলের সেরা তিন প্রতিযোগী গৌতম, কারিশমা ও প্রীতমের মধ্যে যেকোনো একজনকে ২৫ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পুরস্কার হিসেবে ২৫ লাখ রুপি নিয়ে বিগ বস হাল্লা বোলের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রীতম সিং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তিনি সরে দাঁড়ানোর পর দর্শকদের ভোটে প্রথম রানারআপ নির্বাচিত হন কারিশমা তান্না। আর বিগ বস অনুষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হন গৌতম। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে বিগ বস ৮ অনুষ্ঠানের প্রচার শুরু হয়। ডিসেম্বরে অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। পাঁচ প্রতিযোগীকে নিয়ে বিগ বস ৮ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় ৩ জানুয়ারি। পরদিন ৪ জানুয়ারি থেকে বিগ বস হাল্লা বোল অনুষ্ঠানের প্রচার শুরু হয়। সালমান খান বিগ বস ৮ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করলেও ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বিগ বস হাল্লা বোল অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পান কোরিওগ্রাফার ও চলচ্চিত্রনির্মাতা ফারাহ খান।

